উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুসরাত বিনতে শহিদ ||
রংপুরের কাউনিয়া উপজেলার ৬ নম্বর টেপা মধুপুর ইউনিয়নের নিজদর্পা তেলিপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক ময়জুল হক বর্তমানে কারাগারে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে গত ২৫ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘরে থাকা একাধিক ধানের বস্তা, প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং শোকেসের ভেতরে মাটির হাঁড়িতে রাখা নগদ এক লাখ টাকা চুরি হয়েছে।স্থানীয়দের দাবি, ঘটনার সময় ৪ থেকে ৫ জনকে ওই এলাকায় দেখা যায়। তাদের মধ্যে নুরুল হক ও তার স্ত্রী খালেদা বেগমকে শনাক্ত করার দাবি করেছেন কয়েকজন এলাকাবাসী। অভিযোগকারী পক্ষ আরও জানায়, অভিযুক্তদের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে।তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযোগকারী।