উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আল-আমিন ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।রবিবার (০২ আগস্ট) বিকেলে বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য জসিম উদ্দিন মাতব্বর, আহ্বায়ক সদস্য মো. শফিকুল ইসলাম, নুরুদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।বক্তারা দাবি করেন, ‘চ্যানেল ভোলা’ নামে একটি অনলাইন পেইজে প্রকাশিত সংবাদে হুমায়ুন কবির সেলিমকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের ভাষ্য, একটি পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।বক্তাদের বক্তব্য অনুযায়ী, আল-আমিনের স্ত্রী আফসানা স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কাছে যান। পরে তার নির্দেশনায় হুমায়ুন কবির সেলিম, জসিম উদ্দিন মাতব্বর, নুরুদ্দিন হাওলাদার, মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব লোকমান হাওলাদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন।সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, আল-আমিনের বিরুদ্ধে ভূমি দখল, নারী-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার পারিবারিক পরিচয় নিয়েও স্থানীয়ভাবে বিতর্ক রয়েছে বলে তারা দাবি করেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।বক্তারা বলেন, “মিথ্যা অপপ্রচার চালিয়ে বিএনপি নেতাদের সম্মানহানি করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।” একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।পরে একটি বিক্ষোভ মিছিল বোরহানগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা অপপ্রচারের প্রতিবাদ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।