উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত জমি থেকে ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার হয়েছে।শনিবার (০৮ আগস্ট) দুপুরে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে এই মাইন সাদৃশ কয়েকটি বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘিরে রেখেছে মাইনসাদৃশ্য বস্তু উদ্ধার হওয়া পুরো এলাকা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসী সাব্বির মোল্লা জানান, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে মোট ১০টি ল্যান্ড মাইন সাদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ড মাইনের খালি বক্স উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারস্থলে নিরাপত্তা বলয় গড়ে তুলে এলাকা ঘিরে ফেলে।বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কিনা, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো সক্রিয় কিনা।