উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি ||
ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় শাজাহান নামের এক পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন ও তাঁর হয়ে কাজ করার জেরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজন ও অনুসারীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। আহত শাজাহান স্থানীয় কফিল উদ্দিন কফুর ছেলে এবং তিনি একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত।ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ভাদাইল এলাকার একটি স্থানীয় দোকানে বসে শাজাহান হালিম খাচ্ছিলেন। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলীসহ তাঁর অনুসারী শরিফ, আরিফ ও হিরন সেখানে উপস্থিত হন। তাঁরা শাজাহানকে উদ্দেশ্য করে বলেন, তোর কত বড় সাহস, তুই ইসরাফিলের নির্বাচন করিস এই কথা বলেই তাঁরা শাজাহানকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।মারধরে শাজাহান গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ জানান, শাজাহানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন। তিনি বলেন, শাজাহান একজন সাধারণ পোশাকশ্রমিক, সে ভালোবাসার জায়গা থেকে আমার নির্বাচনী কার্যালয়ে আসত। নির্বাচনের আগেই যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বজনরা এভাবে আমার লোকজনের ওপর হামলা চালায়, তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় থেকে যায়।অন্যদিকে, স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন নির্বাচনের আগেই এমন হামলার ঘটনায় সাধারণ ভোটারদের মনে আতঙ্ক তৈরি হয়েছে।অভিযোগের বিষয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল গফুর মিয়া ও ঘটনার সাথে অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।