উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফারজানা , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে আন্তর্জাতিক মানের অর্কেস্ট্রার বিকাশ, পেশাদার অর্কেস্ট্রা শিল্পী তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় অর্কেস্ট্রা সংক্রান্ত খসড়া নীতিমালা’ পর্যালোচনা সভা আজ (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে (ভবন নং–০৬, কক্ষ নং–১০১৭) অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম।সভায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্কেস্ট্রা টিমের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।সভায় জাতীয় অর্কেস্ট্রার সাংগঠনিক কাঠামো, শিল্পী নির্বাচন, প্রশিক্ষণ ব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন, পরিবেশনা নীতিমালা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিগণ খসড়া নীতিমালার বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন।সভাপতির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, দেশের সঙ্গীত ঐতিহ্যকে বিশ্বপরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপনের জন্য একটি সুসংগঠিত ও পেশাদার জাতীয় অর্কেস্ট্রা গড়ে তোলা সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যুগোপযোগী, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।