উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আলী আহসান, Senior Staff Reporter ||
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত 'অস্কার বাংলাদেশ কমিটি' অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, আসন্ন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে 'রইদ' চলচ্চিত্রটি। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ বা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ-এর সভাপতি এবং অস্কার বাংলাদেশ কমিটির সম্মানিত চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সামনে চূড়ান্ত বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করেন।উল্লেখ্য, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। চলচ্চিত্রগুলো হলো— রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। পরবর্তীতে 'মানুষের বাগান' চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি ৪টি চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটির সম্মানিত সদস্যদের দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে 'রইদ' চলচ্চিত্রটিকে অস্কারে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করা হয়েছে।০৬ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারপারসন ছিলেন ড. জহিরুল ইসলাম কচি- সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এবং সদস্যবৃন্দ জনাব সাজ্জাদ শরিফ, জনাব শাহীন দিল-রিয়াজ, জনাব রাশেদ জামান, জনাব সাইয়্যিদ শাহজাদা আল কারীম সদস্য, জনাব শাহরীন আক্তার সুমি। আমরা নির্বাচিত চলচ্চিত্রের সম্মানিত নির্মাতা, প্রযোজক এবং এর সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই চলচ্চিত্রটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করবে এবং দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হবে। বাংলাদেশের চলচ্চিত্রের এই বিশ্বযাত্রায় সব সময় পাশে থাকার জন্য আমরা সকল গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রানুরাগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।