উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ তুহিন ফরাজী ||
ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ চলে বিকেল ৪টা পর্যন্ত।প্রশিক্ষণে উপজেলার বড়মানিকা, কাচিয়া ও টবগী ইউনিয়নের মোট ১৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী রয়েছেন। বড়মানিকা ইউনিয়ন থেকে একজন সুপারভাইজার ও চারজন তথ্য সংগ্রহকারী এবং কাচিয়া ও টবগী ইউনিয়ন থেকে একজন করে সুপারভাইজার ও চারজন করে তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান এবং বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল। এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সংরক্ষণ এবং প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়, যাতে তাঁরা নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে পারেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।