উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: রমিজ উদ্দিন ||
কুমিল্লার তিতাস উপজেলায় আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কলাকান্দি ইউনিয়নে আগাম নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ সালে তিতাস উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এরই মধ্যে কলাকান্দি ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন কে পাচ্ছেন—তা নিয়ে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা।নির্বাচনি দৌড়ঝাঁপে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। জানা গেছে, কলাকান্দি ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পেতে ইচ্ছা প্রকাশ করেছেন মোট পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে অন্যতম হেভিওয়েট প্রার্থী, তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোবারক হোসেন মোল্লা। ইতোমধ্যে তিনি এলাকায় সভা-সমাবেশ ও জনসংযোগের মাধ্যমে মাঠ বেশ সরগরম করে তুলেছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক সৌহার্দ্যপূর্ণ আবহে হাজী মোবারক হোসেন মোল্লা সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির আরেক দলীয় সমর্থন প্রত্যাশী ও তিতাস উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকার-এর কালাচান্দকান্দিস্থ বাসভবনে।সাক্ষাৎকালে দুই প্রার্থী কলাকান্দি ইউনিয়নের উন্নয়ন ও আসন্ন নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেন। উভয় নেতাই একমত প্রকাশ করেন যে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন এবং দলের দুঃসময়ে অবদান রেখেছেন—সেই ত্যাগীদেরই মূল্যায়ন করা উচিত। কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে দুই নেতাই আহ্বান জানান:"দলীয় সমর্থন যেন এমন কোনো প্রার্থীকে দেওয়া হয়, যিনি দলের কঠিন ও দুঃসময়ে সব সময় রাজপথে সক্রিয় ছিলেন। যাকে মনোনয়ন দিলে কোনো বিতর্ক সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন। আমরা আশা করি, এমপি মহোদয় একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন।"উক্ত সৌজন্য সাক্ষাৎ ও খোলামেলা আলোচনায় অন্যান্যদের মধ্যে যুবদল নেতা নয়ন মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়েরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কিছু স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।তথ্য চিত্র: হালিম সৈকত