উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ তুহিন ফরাজী ||
ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভিডিও ও অডিও সম্প্রচারের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে বোরহানউদ্দিনেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম বলেন, নতুন কুঁড়ি আসরের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মানসিক বিকাশ ঘটবে এবং ইতিবাচক মনোভাব গড়ে উঠবে।তিনি আরও বলেন, শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, বরং শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে।এমপি হাফিজ ইব্রাহিম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। তাই খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ আলী সবুজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা চিহ্নিত করে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হবে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং ভবিষ্যৎ জীবনের সম্ভাবনাময় ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যাশা নিয়ে বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।