উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি , Special Correspondent ||
নির্ধারিত মেরিন ট্যারিফ রেট অনুসরণ না করে নিজস্ব হারে মেরিন (কার্গো) বীমা ব্যবসা পরিচালনার অভিযোগে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে আইডিআরএর পরিদর্শন দলের কোম্পানির প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শনের সময় মেরিন বীমা ব্যবসা পরিচালনায় অনিয়মের বিষয়টি উঠে আসে। পরিদর্শনে দেখা যায়, ২০১৮ সাল থেকে মেরিন পলিসি ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট অনুসরণ না করে নিজস্ব হারে প্রিমিয়াম নির্ধারণ ও আদায় করা হয়েছে।আইডিআরএর মতে, এ ধরনের কার্যক্রম বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারিকৃত নন-লাইফ সার্কুলার নম্বর ৮০/২০২১-এর সুস্পষ্ট লঙ্ঘন।চিঠিতে আরও উল্লেখ করা হয়, বীমা আইন, ২০১০-এর ৬০(১) ধারা অনুযায়ী কোম্পানির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন স্থগিত করা হবে না কেন, সে বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে উল্লিখিত আইন ও সার্কুলার লঙ্ঘনের দায়ে বীমা আইন, ২০১০-এর ১০(২) ধারা মোতাবেক তিন মাসের জন্য কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্ত নন-লাইফ বীমা খাতে নির্ধারিত ট্যারিফ অনুসরণ এবং নিয়ন্ত্রক নির্দেশনা প্রতিপালনের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। একই সঙ্গে বীমা কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় এসেছে। উল্লেখ্য, আইডিআরএর চিঠিটি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।