উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ফারুক আহাম্মেদ , বিশেষ প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল।দিবসটি উপলক্ষে সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা, চুন্টা এ সি একাডেমি, পাকশিমুল হাইস্কুল, অরুয়াইল হাইস্কুল ও পানিশ্বর হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।এসব সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।এদিকে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় জীবনে ৭ নভেম্বরের গুরুত্ব ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়।অন্যদিকে দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, সরাইল উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ বিপ্লব, কাঞ্চন মেম্বার, জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সরাইলের বিভিন্ন সড়ক মুখরিত হয়ে ওঠে। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।