Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আব্দুল হাই শিকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যুগান্তরের সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দেশবরেণ্য কবি ও বিশিষ্ট নজরুল গবেষক আব্দুল হাই শিকদার নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ এক অভিনন্দন বার্তায় বলেন, আব্দুল হাই শিকদারের এই নিয়োগ তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত দক্ষতা, সৃজনশীল প্রতিভা এবং গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।সাংবাদিকতা, সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে আব্দুল হাই শিকদার একটি সুপরিচিত নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফিচার বিভাগের প্রধান এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদার প্রশ্নেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে তাঁর গবেষণা ও সাধনা তাঁকে সাংবাদিকতার গণ্ডি ছাড়িয়ে সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনেও স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। কবি ও গবেষক হিসেবে তাঁর সৃজনশীল কর্মকাণ্ড বাংলা সাহিত্য এবং নজরুলচর্চাকে সমৃদ্ধ করেছে।জাতীয় সাংবাদিক সংস্থা মনে করে, বাসসের মতো দেশের জাতীয় বার্তা সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আব্দুল হাই শিকদারের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সংবাদ সংস্থাটির পেশাগত উৎকর্ষ, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের প্রতি জনআস্থা সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।বর্তমান সময়ে দায়িত্বশীল, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চা আরও জোরদার করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সাংবাদিকতা সম্পর্কে গভীর উপলব্ধি এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ বাসসের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে জাতীয় সাংবাদিক সংস্থা আশাবাদী।জাতীয় সাংবাদিক সংস্থা তাঁর নতুন দায়িত্বের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছে। একই সঙ্গে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের উন্নয়ন এবং গণমানুষের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব আরও কার্যকর অবদান রাখবে—এ প্রত্যাশা ব্যক্ত করছে।শুভেচ্ছান্তে,এম হোসাইন আহমদপ্রচার ও প্রকাশনা সচিবকেন্দ্রীয় নির্বাহী পরিষদজাতীয় সাংবাদিক সংস্থা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আব্দুল হাই শিকদারকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন